বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্য ঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জের ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়রা বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ হয়ে ঘেরে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এএজে

