বাগেরহাটের শরণখোলায় “হামিম পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ হানিফ ব্যাপারী (৭০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (০৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্টান্ডে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩ টি গাড়িকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও ৩ জন।
নিহত মোঃ হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।
আহতরা হলেন, একই উপজেলার খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মোঃ হানিফ হাওলাদার (৪৫) ও চালিতাবুনিয়া গ্রামের মোঃ সোহেল হাওলাদার। অবস্থা গুরুত্বর হওয়ায় এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) উদয় শঙ্কর বলেন, নিহতের মরদেহ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনা কবলিত ইজিবাইকসহ যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এনএম

