দল ভারী করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত হবে না : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতের আমির ও বিরোধি দলীয় নেতা ডা: শফিকুর রহমান আওয়ামী লীগের রাজনৈতিক প্রসঙ্গে বলেন, আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনো। এ অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে? এমন প্রশ্ন করেন তিনিও।

এ পর্যন্ত আওয়ামী লীগ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি সামান্য কোন অনুশোচনা নেই তাদের। যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করলো খুন করলো অসংখ্য মানুষকে পঙ্গু করলো। একটা জেনারেশন এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তাদের কোন অনুশোচনা দেখা গেলো না। শুধু দল ভারি করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।

তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দিবে বাংলাদেশের ততো সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভিতরে অবশ্যই সহযোগিতা করছি যেখানে সহযোগিতা করা দরকার আর যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করছি।

জুলাই সনদ প্রসঙ্গে ডা: শফিকুর রহমান বলেন, এখনো আমরা দুই মেরুতে আছি দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোন অবস্থাতেই অপমান করতে দেয়া হবে না।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরের সংসদে বিরোধীদলের ভূমিকা বিষয়ে তিনি বলেন, এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল অশ্রদ্ধা ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক এটা আমরা অব্যাহত রাখব। কোন উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসবো না।

বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো: মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীমসহ বাগেরহাট জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিয়ায় সভা শেষে দুপুরে বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রোকন সম্মেলনে তিনি যোগ দিবেন। দুপুরে ষাট গম্বুজ মসজিদের জুমার নামাজ আদায় শেষে সার্কিট হাউসের দুপুরের মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে বিকাল ৪ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন