বাগেরহাটে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বাগেরহাট জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা সদস্য সচিব লাবিব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন