চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় রহমান গাজী (৮৩) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

নিহত রহমান গাজী উপজেলার চর কচুড়িয়া গ্রামের মৃত কদম আলী গাজীর ছেলে। তিনি চর কচুড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মুয়াজ্জিন ছিলেন।

নিহতের স্বজন ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান জানান, রবিবার সকালে মুয়াজ্জিন রহমান গাজী একটি অটোভ্যানে চড়ে মসজিদের কাজে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে রহমান গাজী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় জানান, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রহমান গাজীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন