খুলনার ময়ূর নদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় নদের দুই পাশে ও ব্রিজে মানুষের ঢল নামে।
খুলনা দিবসকে কেন্দ্র করে এবার ভেলা বাইচে ১৬টি দল অংশগ্রহণ করে। দুই রাউন্ডে বিজয়ীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মনিরুল, দ্বিতীয় স্থান অধিকার করেন অহিদুল, তৃতীয় স্থান অধিকার আলামিন শেখ। বিজয়ী সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আয়োজকরা জানান, খুলনা মহানগরী কোল ঘেঁষে ময়ূর নদী বয়ে গেছে। দীর্ঘদিনের অবহেলা, বিভিন্ন জায়গায় অবৈধ বাধ দিয়ে মাছের ঘের এবং ব্যক্তিগত ব্যবসা করা নদীর জায়গা দখল করে ঘরবাড়ি ব্যবসাপ্রতিষ্ঠান তৈরিসহ নানাবিধ অন্যায় এবং অবহেলার মাধ্যমে দূষণের চরম পর্যায়ে পৌঁছে গেছে ময়ূর নদী। তীব্র গন্ধের কালো পচা পানি এবং দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরে ওঠা সেই ময়ূর নদীতে খুলনা দিবসকে কেন্দ্র করে শুক্রবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এই ভেলা বাইচ অনুষ্ঠিত হয়। নগরের নীতি নির্ধারণী মহলকে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং খুলনাবাসীকে গ্রামবাংলার ঐতিহ্য উপভোগের জন্য প্রথম ভেলা বাইচ আয়োজন করা হয়।
খুলনা সিটি কর্পোরেশন, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি গবেষণামূলক আন্দোলন (সিয়াম), হেলদি সিটি ফোরাম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, আব্বাস উদ্দিন একাডেমি, বিডি ক্লিনসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে এই আয়োজন করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুয়েটের অধ্যাপক তুষার কান্তি রায়, সিটি কর্পোরেশনের সাবেক শিক্ষা কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, আল জামাল ভূঁইয়া, অ্যাড. এসএম মারুফ আহম্মদ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনাকে বাঁচাতে হলে, খুলনাকে সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদী বাঁচানোর বিকল্প নেই। আমাদের সবার সহযোগিতায় এই ময়ূর নদীকে বাঁচিয়ে তুলতে হবে। যাতে করে নগরবাসী চিত্ত বিনোদনের সুযোগ পায় নগর পর্যটন গড়ে ওঠে। যারা এই নদীতে অবৈধভাবে দখল করে রেখেছে বা অবৈধ বাধ দিয়েছে সব বাধাকে উপড়ে ফেলতে হবে।
উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভেলা বাইচের আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে ও মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি নিজামুর রহমান লালু, মহাসচিব অ্যাড. শেখ হাফিজুর রহমান, বেলা খুলনা প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল, সিয়ামের নির্বাহী পরিচালক ও হেলদিসিটি ফোরামের সদস্য সচিব অ্যাড. মো. মাসুম বিল্লাহ, আরাফাত আবাসিক শান্তি-শৃঙ্খলা কমিটির সভাপতি আ. বারেক মোল্লা, অ্যাক্টিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি শেখ ওমর ফারুক কচি প্রমুখ।

