খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে নতুন করে আরও ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ২৮৬ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১০৮ জন, বাগেরহাটে ৫২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জনের প্রাণহানিই রেকর্ড করা হয়েছে খুলনা জেলায়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯১৫ জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে ১০ হাজার ৪৮৩ জন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং আরও ২৯৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই সর্বোচ্চ ২১ জন এবং খুলনা জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে।

