খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে ইতি আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শেখপাড়া ডালমিল পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইতি আক্তার সিঙ্গাপুর প্রবাসী হৃদয়ের স্ত্রী।
সোনাডাঙ্গা থানার এসআই সাইফুর রহমান জানান, ইতি ডালমিল পুলিশ ফাঁড়ির পাশের একটি ভবনের নিচতলায় বোনের সঙ্গে বাস করতেন। বাসাটির দুটি রুমের একটিতে ইতি এবং অন্যটিতে তার বোন থাকতেন। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে স্বামী হৃদয়ের সঙ্গে ইতির মনোমালিন্য চলছিল। এর জেরে বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। পরবর্তীকালে সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা রাতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

