যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ড এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে। এতে বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছে পরবর্তী গ্রেড ও জিপিএ-৫।

পুনঃনিরীক্ষণের আগে এফ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে এফ থেকে এ গ্রেড পেয়েছে ১ জন। এফ থেকে এ মাইনাস গ্রেড পেয়েছে ৩ জন। এফ থেকে বি পেয়েছে ৩৩ জন। এফ থেকে সি গ্রেড পেয়েছে ১৯ জন। এফ থেকে ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩২৪ জন।

খাতা পুনঃনিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে এ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে। এছাড়া আগে এ মাইনাস গ্রেড পাওয়া ১৯ জন এবং বি গ্রেড পাওয়া ২ জন পরীক্ষার্থীও পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করেছে।

পুনঃনিরীক্ষণের ফলে এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া বি থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ১২ জন। বি থেকে এ মাইনাস পেয়েছে ১৫০ জন। সি থেকে এ পেয়েছে ১ জন। সি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন। সি থেকে বি পেয়েছে ৬৫ জন। ডি থেকে এ মাইনাস পেয়েছেন ১ জন। ডি থেকে সি পেয়েছে ১৪ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখন সংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।

পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে তা বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন