প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিত যশোরের ১০৬ প্রার্থীর অবস্থান কর্মসূচি : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১০৬ জন প্রার্থী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিয়োগ প্রত্যাশীরা অংশ নেন।

ভুক্তভোগী প্রার্থীদের দাবি, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে যশোর জেলায় মোট ২৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও ১০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি।

তাদের অভিযোগ, কোনো নির্দিষ্ট কারণ না জানিয়েই চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের একটি অংশকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর চাকরিতে যোগদানের প্রস্তুতি নেওয়ার সময় এ সিদ্ধান্তে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

নিয়োগ বঞ্চিত কয়েকজন জানান, অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে। আবার কেউ কেউ প্রাথমিক শিক্ষক পদে যোগদানের আশায় আগের চাকরিও ছেড়ে দিয়েছেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় যোগ দিতে আসার পথে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা। তারা চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ না পাওয়ার বিষয়টি জানিয়ে প্রতিকারের দাবি জানান।

প্রতিমন্ত্রী তাদের কথা শুনে বিষয়টি আগে জানা ছিল না বলে জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন।

নিয়োগ প্রত্যাশীরা দ্রুত বিষয়টি তদন্ত করে তাদের নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন তারা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন