বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে খালাস বিলম্বিত হলেও দ্রুতই দেশের সার্বিক গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে ও গ্যাস খালাস করতে কিছুটা বিঘ্ন ঘটেছিল, যার সাময়িক প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যায়। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আজ দিনের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে।
এদিকে যশোরবাসীর জন্য সুখবর জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

