যশোরের কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও মজুদের দায়ে ইত্যাদি স্টোরের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের গমপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান খান।
তিনি জানান, প্রতিষ্ঠানটিতে ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলাজুড়ে এমন তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খুলনা গেজেট/এএজে

