ভারতের দিল্লিতে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন, বর্বর পুলিশি হামলা, নির্বিচার গ্রেপ্তার ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) মুষলধারের বৃষ্টি উপেক্ষা করে যশোর প্রেসক্লাব চত্বরে ‘দিল্লির ছাত্র-জনতার আন্দোলনে সংহতি কমিটি যশোরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করছে। তরুণ সমাজের ন্যায্য দাবিকে লাঠিচার্জ, গ্রেপ্তার বা ভয়ভীতি দেখিয়ে দমানো যাবে না। দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক সংগ্রাম পরস্পর সম্পর্কিত উল্লেখ করে তারা বলেন, আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি জানানো কোনো অনুকম্পা নয়, বরং এটি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে নৈতিক অবস্থান।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা খবির শিকদার, কর আইনজীবী এহসানুল হক সিয়াম, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, শিক্ষক নেতা খানজাহান আলী শান্ত এবং বাসদ নেতা উজ্জ্বল বিশ্বাসসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে অবিলম্বে দিল্লির আন্দোলনকারীদের ওপর পুলিশি দমন-পীড়ন বন্ধ, নির্বিচার গ্রেপ্তার প্রত্যাহার, আটক ছাত্র-জনতার মুক্তি এবং জনগণের গণতান্ত্রিক ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম

