নীলগঞ্জে দুটি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে ২২০.৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

আটক আসামির নাম সাদিকুর রহমান সুমন (৩৩)। তিনি সাতক্ষীরা জেলা সদর থানার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ঢাকা থেকে এক ব্যক্তি স্বর্ণের চালান নিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে একটি দূরপাল্লার বাস তল্লাশি করে সাদিকুরকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১টি মোবাইল এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত স্বর্ণসহ আসামিকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে এবং সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন