যশোরের অভয়নগর উপজেলার নূরবাগ মোড়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার ( ১৮ জুলাই) সকালে ওসমাণ ফকির (আসি) নামে ওই বৃদ্ধ নওয়াপাড়া বাজার থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমাণ ফকিরের বাড়ি উপজেলার ধোপাদী গ্রামের পোড়ো বটতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার শেষ করে রাস্তা পার হওয়ার সময় নূরবাগ মোড়ে খুলনাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪০৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ওসমাণ ফকিরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি জানান, ঘাতক যান ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে

