যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেরিন ওই এলাকার জসিম উদ্দিন সরদারের একমাত্র মেয়ে এবং স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতের খাবার শেষে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপ কামড় দিলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। সকালে তাকে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জসিম উদ্দিন জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির চারপাশসহ পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণেই চারদিকে বিষাক্ত সাপের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

