যশোরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে যশোর উপশহর কলেজের সামনে যাত্রীবেশে রিকশায় ওঠা দুই যুবক এ ঘটনা ঘটায়।

আহত রিকশা চালক শহরের ঘোপ নওপাড়া রোডের আব্দুল হাকিমের ছেলে আশরাফুজ্জামান বাবু (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, উপশহর কলেজের সামনে থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে আশরাফুজ্জামান বাবুর অটোরিকশা ভাড়া করে। পরে তারা তাকে পাঁচবাড়িয়া আমতলা এলাকায় নিয়ে গিয়ে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় আহত চালক চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আশরাফুজ্জামান বাবুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন