খুলনা মহাসড়কের অভয়নগরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি নেতার জানাজা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের বাচ্চু মল্লিকের ছেলে। আহত শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তারা দু’জনই নওয়াপাড়া বাজারের একটি সার ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি নেতা মরহুম ইদ্রিস মোল্যার জানাজা নামাজ শেষে দুই সহকর্মী মোটরসাইকেলযোগে শংকরপাশা খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শংকরপাশা জামে মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তারেক মল্লিকের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর আরোহী শান্ত ইসলাম আহত হন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরই দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে পুলিশের অভিযান চলছে।
খুলনা গেজেট/এনএম

