রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের সদর উপজেলার ভাটপাড়ায় যাত্রীবেশে রিকশাচালক আলমগীর হোসেনকে (৫৫) খুন করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোডে এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আলমগীর যশোর শহরতলির চাঁচড়া বড়মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর শ্মশান সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে আলমগীরের রিকশাটি ভাড়া করে ভাটপাড়া প্রাইম ইটভাটার নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা কোনো ভারি বস্তু দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। এতে আলমগীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গোলাম রাব্বি নামে এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব আল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে চালক আলমগীরকে মাথায় আঘাত করে রিকসাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন