যশোরের কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নতুন মূলগ্রামের বিলে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জনাব আলী নতুন মূলগ্রামের মৃত ইমান আলীর ছেলে। মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি মেম্বার সিরাজুল ইসলাম।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে কৃষক জনাব আলী বাড়ি থেকে বের হয়ে নতুন মূলগ্রামের বিলে মাছ ধরতে যান। সে সময় গুড়িগুড়ি বৃষ্টির ভেতর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জনাব আলী জ্ঞানহীন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

