মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যা হাসপাতালে উন্নিতকরণের ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, প্রতিষ্ঠানটি বর্তমানে ২০ শয্যার, সরকার উদ্যোগ নিয়েছে এটি ৩০ শয্যায় রূপান্তর করার। তার ধারাবাহিকতায় এটা ৫০ শয্যা হাসপাতালে রূপান্তরিত করা হবে। এর জন্য আগামী ২০২৮ সালের জুন মাসের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণ করা হবে এবং বর্তমানে একনেকে অপেক্ষমাণ কিছু কয়ারিজ আছে, সেখান থেকে পাশ করিয়ে আনতে পারবো।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্র যশোরের সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও জীবাণুনাশক স্প্রে, সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলজিস্ট অ্যাপের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অতীতে সিজারিয়ান অপারেশন হতো না এবং ধাত্রী সেবার সুযোগ ছিল না। এটা নিয়ে অতীতের অনির্বাচিত সরকার ভাবেনি। তারা মানুষের দায় অনুভব করেনি, মানুষ বাঁচলো কি মরলো এটা তাদের কাছে কোন দায় ছিল না। আমরা দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা এবং সীমাবদ্ধতা নিয়ে আমাদের গোচরীভূত হয়।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্য বলেন, যেনতেন কায়দায় সেবা দিয়ে আত্মতৃপ্তির সুযোগ নেই। মানুষকে মানসম্মত, নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে। অতীতের সরকার এই প্রতিষ্ঠানে দৃষ্টি দেয়নি, আপনারা যে যে ভাবে পেরেছেন, সেভাবে করেছেন। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার যেহেতু দৃষ্টি দিয়েছে সে কারণে যথা সময়ে অফিসে আসতে হবে এবং অফিস শেষ করে যেতে হবে। এখানে যারা ভর্তি থাকবেন কিংবা বহির্বিভাগে সেবা নিতে আসবেন তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হলে আমাদের কাছে অভিযোগ আসবে। আমরা চাই কোন অভিযোগ আমাদের কাছে আসুক সে ব্যাপারে আপনারা নিশ্চয়ই সতর্ক হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলিজস্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ নেতৃবৃন্দ।
১ নম্বর ওয়ার্ড বিএনপির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

