১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) মৎস্য অধিদপ্তর বাতিল করে দেওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার বেনাপোল বন্দর ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এ বন্দর দিয়ে গত দুই মাসে ভারত থেকে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এ ইলিশ আমদানি করে। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৯২ লাখ টাকা।
আমিনুল হক জানান, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ খালেদ কনকের গতকালের সই করা এক চিঠিতে এনওসি বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হওয়ায় বন্দর দিয়ে মাছ আমদানির প্রক্রিয়া স্থগিত হয়ে পড়ে বলে জানান তিনি।
তিনি বলেন, এনওসি বাতিলের বিষয়ে আমরা মৎস্য অধিদপ্তর থেকে চিঠি পেয়েছি। এ সিদ্ধান্তের ফলে আকস্মিকভাবে আমদানি বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছেন।
ইলিশ আমদানিকারক জিয়াউর রহমান বলেন, এই নিষেধাজ্ঞা আমাদের চরম আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিলো। সীমান্তের ওপারে গুদামে কিনে রাখা ইলিশ এখন কম দামে ওখানেই বিক্রি করে দিতে হবে। তাছাড়া, আমদানির আনুষঙ্গিক অফেরতযোগ্য খরচের কারণে বড় ধরনের ক্ষতি হবে।
বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, ১০৩টি এনওসি বাতিলের আনুষ্ঠানিক চিঠি আমরা পেয়েছি এবং আদেশটি অবিলম্বে কার্যকর করা হচ্ছে।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম জানান, জুলাই মাসে ভারত থেকে ২৯ হাজার ৪৪০ কেজি এবং আগস্টে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি হয়। যার মোট পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি। এরআগে শুধুমাত্র বাংলাদেশ থেকেই ইলিশ ভারতে রপ্তানি করা হতো।
ব্যবসায়ীরা জানায়, তুলনামূলক কম দামে ভারতীয় ইলিশ বাজারে আসায় দেশি ইলিশের চাহিদা কিছুটা কমে যায়। বর্তমানে বাজারে ভারতীয় ইলিশ প্রতি কেজি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং দেশি ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেখতে প্রায় একই রকম হওয়ায় দেশি ও বিদেশি ইলিশ আলাদা করা সাধারণ ক্রেতাদের জন্য কঠিন ছিলো। ভারতীয় ইলিশ দেখতে ভালো হলেও স্বাদে দেশি ইলিশের মতো নয় বলে দাবি ক্রেতাদের।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, মৎস্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে এসব ইলিশ আমদানি করা হয়।
খুলনা গেজেট/এনএম

