লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার যুবক নিহত, উদ্ধার হয়নি মরদেহ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার প্রবাসী যুবক সজিব হোসেন লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভাগ্যের পরিবর্তন ঘটাতে ২০২১ সালে এ যুবক লিবিয়া গমন করেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে লিবিয়ার বিমান বন্দরে রওনা হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে মরদেহ না পাওয়ার অনিশ্চয়তায় দিশেহারা সজিব হোসেনের পরিবার।

নিহত সজীব হোসেন যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের আইনুদ্দিনের পুত্র।

তার পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি মোবাইলের কলের মাধ্যমে জানানো হলেও, এখন পর্যন্ত মরদেহ কোথায় রয়েছে, কোন হাসপাতালে রাখা হয়েছে অথবা দাফন সম্পন্ন হয়েছে কি না? এ বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারের লোকজন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন