যশোর ফেন্সি মার্কেটে আগুনে তিন দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বড় বাজারের ফেন্সি মার্কেটে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। আগুনে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির তিনটি দোকান পুড়ে গেছে। রবিবার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকালে বড়বাজার ফেন্সি মার্কেটের একটি কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

এতে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেন, সিটি গোল্ডের মালিক পারভেজ শেখ এবং সুতা-বর্ষি ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকান ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, যথাসময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতো।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন