বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ নারী-পুরুষ

বেনাপোল প্রতিনিধি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ নারী ও পুরুষ। রবিবার (৫ জুলাই) রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে। সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয় জন নারী রয়েছে। তারা দেশের যশোর, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধ পথে দিয়ে ভারতের তামিলনাড়– গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাদের ছয় থেকে ৭ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

তিনি আরও জানান, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনর্চ্জ (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জনকে এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন