যশোরের বাঘারপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে (৭৪) আটক করে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মালঞ্চি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) একটি পুরোনো নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল মালঞ্চি গ্রামে তার বাড়িতে যায়। পরিবারের সদস্যদের দাবি, পুলিশ প্রথমে বাড়ির কলাপসিবল গেট জোরে ঝাঁকাতে থাকে। শব্দ শুনে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে হাসান আলী নিজেই ঘরের দরজা ও কলাপসিবল গেট খুলে বাইরে আসেন। কিছুক্ষণ কথা বলার পর রাত দুইটার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
হাসান আলী দীর্ঘদিন ধরে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলটির উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ ঘোষিত উপজেলা কমিটিতে তাকে সাধারণ সম্পাদক করা হলেও যশোর জেলা আওয়ামী লীগ সেই কমিটির অনুমোদন দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি তা স্থগিত করে। এছাড়া তিনি বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বও পালন করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
খুলনা গেজেট/এএজে

