শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

এক জোড়া চোখ, এক অসমাপ্ত গল্প

মোঃ আসাদুজ্জামান সরদার

হিমাদ্রি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিল। কাজল কালো চোখ দুটো নিয়ে ছোটবেলা থেকেই সবাই বলত “তোর চোখে কেমন যেন মায়া আছে।” কিন্তু হিমাদ্রি কখনো সেই মায়ার মানে বুঝতে পারে নি।

কলেজের লাইব্রেরিতে যেদিন প্রথম দেখেছিল শাহিনকে। চুপচাপ এসে পাশে বসেছিল সে। কিছুক্ষণ পর হিমাদ্রি টের পেল ছেলেটি বইয়ের চেয়ে বেশি তাকিয়ে আছে তার চোখের দিকে। হালকা অপ্রস্তুত হয়ে সে চোখ নামিয়ে নিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল, সেই দৃষ্টিতে কোনো অদ্ভুত টান আছে।

হঠাৎ শাহিন নরম গলায় বলল, “তোমার চোখে তাকালে মনে হয় আমি কোথাও থেমে যেতে পারি, সব ক্লান্তি ভুলে।” কথাটা শুনে হিমাদ্রির বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে প্রথমবার নিজের চোখের মায়া অনুভব করল কারো অনুভূতিতে ছুঁয়ে যাওয়ার মতো করে।

এরপর থেকে তাদের দেখা হলে আর শুধু কথা হয় না, চোখের ভাষাতেই অনেক কিছু বলা হয়ে যায়। মাঝে মাঝে শাহিন চুপ করে শুধু তাকিয়ে থাকে, আর হিমাদ্রির মনে হয় তার চোখে কেউ একজন ধীরে ধীরে নিজের ঠিকানা বানিয়ে নিচ্ছে।

সেদিন রাতে আয়নায় তাকিয়ে হিমাদ্রি বুঝল তার কাজল কালো মায়াবী চোখে এখন শুধু মায়া নয়, এক টুকরো প্রেমও জেগে উঠেছে।

(লেখক : ছাত্র, রসায়ন বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা।)

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন