শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বাংলা মায়ের মুখ

হোসনে আরা মাহমুদ লিলি

ঢেউ খেলানো পাকা ধানের খেতে,
বিলে ফুটে থাকা বেগুনি কলমী ফুলে,
দেখেছি আমার বাংলা মায়ের মুখ।
সে মুখের কারুকাজে বিমোহিত আমি
সে মায়ের বুক জুড়ে নিটোল সবুজ বর্ণালী শোভা।
শিশিরে ভেজা ঝলমলে ঘাস, উদাসী বাতাস
মায়ের অপত্য স্নেহ, ঘুম পাড়ানী গান
ভাটিয়ালীর উদাস সুর, সবুজ কলার বাগান,
মায়ের ভালোবাসার মত ছোট্ট নদী।
সে মায়ের শরীর জুড়ে মাটির সোদা গন্ধ,
বাতাসে জলের শব্দ, ভেজা কদমের সুবাস
সেখানে আরও নিবিড় গন্ধ ছড়িয়েছে বকুলেরা,
শিউলিরা রঙের বিচিত্র খেলায় মেতেছে।
ফাগুনের পলাশ আর কৃষ্ণচূড়ার শাখায়
উদাসী দুপুরে কোকিলের ডাকে,
মাছরাঙার জল ছুঁয়ে ছুঁয়ে যাওয়া,
শামুকের গন্ধ ভরা জলে হাঁসের ভেসে চলা।
রাতের গহীন হাওয়ায় ছপ ছপ শব্দ তুলে
ডিঙি বেয়ে যাওয়া ——
এসব কিছু কেমন নেশা ধরা, পাগলা করা
এ সব কিছুর মধ্যে আমি পাই, ভালোবাসার গন্ধ
এসব কিছু বুকের মধ্যে জাগায় অচিন সুখ
এসব কিছু বাংলা আমার মায়ের মুখ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন