সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন এমপির গাড়ি চালক ওবায়দুর রহমান।
আবেদনে ওবায়দুর রহমান নিজেকে এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া ওই আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর ডি-২ ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন। সে সময় তাকে হত্যার উদ্দেশে লাঠিসোঁটা নিয়ে মারাত্মক হামলা চালান দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই আমিন এবং ইউনুস সরদারের ছেলে মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ।
আবেদনে উল্লেখ করা হয়, ওবায়দুরের ওপর শারীরিক হামলার শব্দ শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন এসে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করেন। পরবর্তীতে মা ও বোনের সহায়তায় একটি সিএনজিযোগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত ১২টা ৩৮ মিনিটে তিনি ভর্তি হন। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন এবং হামলাকারীরা তাকে হত্যা করবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
ওবায়দুর রহমানের দাবি, এই হামলার নেপথ্য নির্দেশদাতা হলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক হিসেবে কাজ করতেন। তার দাবি এমপির বিভিন্ন কর্মকান্ড ও অপকর্ম সম্পর্কে জানার কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়।
এই অবস্থায়, জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম

