সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আব্দুল মজিদ গাজী (৬৫) নামের বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আজিজ কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুল মজিদ গাজী সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল মজিদ গাজী বাইসাইকেলে পাটকেলঘাটা থেকে বিনেরপোতার দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল সোয়া ৯ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আজিজ কমপ্লেক্সের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ আব্দুল মজিদ।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। খর্নিয়া হাইওয়ে থানার ওসি কে জানানো হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
খুলনা গেজেট/এনএম

