সাতক্ষীরা সার্কিট হাউসে মতবিনিময়কালে আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে দল তা গ্রহণ করবে না

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে হারানো হলে দল তা গ্রহণ করবে না। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকেও দলের সবাইকে নিয়ে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আরও বলেন, আপনার কাছে একজন প্রিয় নেতা থাকতেই পারে। আপনি তার জন্য, প্রিয় নেতার জন্য দলের যারা প্রার্থী তাদের বিরুদ্ধে ভোট করবেন আর আমার দলের প্রার্থীকে হারাবেন এটা দল কোনভাবেই গ্রহণ করবে না। দ্বিতীয়ত, যাকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তার দায়িত্ব হলো সবাইকে সাথে নিয়ে কাজ করা। সে যদি মনে করেন যে, দল আমার নমিনেশন দিয়েছে, আমিই সব, ওনারা কেউ না সেটাও দল মেনে নেবে না।

বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নেতা-কর্মীদের শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সবার কথা শুনবো। যারা কথা বলবেন, শালীনতা বজায় রেখে কথা বলবেন। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে মানে আপনি আরেকজনকে গালিগালাজ করে কথা বলবেন না। আপনার দলকে কীভাবে সামনের দিকে নিতে হবে, যারা বক্তব্য দেবেন তারা এটা মাথায় নিয়ে আসবেন।

বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনিসহ সাংবাদিক নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আইনমন্ত্রী রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া বিকেল ৩টায় তিনি বিএনপির নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন