সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় স্কুলে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এই ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)।

লাবিব বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী ছাত্র এবং হাবিবা খাতুন একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয় বাসিন্দা সাইফুল হোসেন জানান, লাবিব ও হাবিবা স্কুলে যাওয়ার জন্য বেলা সাড়ে ১১ টার দিকে বাটকেখালি এলাকার মৃত গফুর সরদারের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে সাঁতার না জানায় তারা দুইজনই পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে পুকুর পাড়ে দুইজনের জুতা দেখে তারা পানিতে নেমে তাদেরকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে দুজনকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা দুইজন মারা যায়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদা বলেন, শিশু দুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটির মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন