আশাশুনিতে বজ্রপাতে কপোতাক্ষে নদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনির চাকলা এলাকায় কপোতাক্ষ নদে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে মোঃ আরিফ হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (৮ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে চাকলা এলাকায় কপোতাক্ষ নদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত আরিফ হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার গোলাম রসুল জানান, চাকলা গ্রামে আরিফ হোসেন প্রতিদিনের মতো একা নৌকায় করে কপোতাক্ষ নদে মাছ ধরতে যান। বিকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে একপর্যায়ে তার নৌকায় বজ্রপাত ঘটে। এতে তিনি নৌকা থেকে ছিটকে কপোতাক্ষ নদে পড়ে নিখোঁজ হন। এ সময় তার নৌকাটিও ডুবে যায়।

স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা মঙ্গলবার দিনভর অনুসন্ধান কার্যক্রম চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

একপর্যায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাকলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাটের পাশে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় আরিফ হোসেনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তার সাথে মরদেহ শনাক্ত করেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দাউদ ঢালি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন