সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ডুমুরিয়া খেয়াঘাট বর্তমানে ভাঙনের কবলে পড়েছে। ঘাটের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়ায় প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “২০০৯ সালে বুড়িগোয়ালিনী অংশের খেয়াঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন পার হলেও সেই ঘাটটি এখনো পুনর্নির্মাণ করা হয়নি। ফলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে ডুমুরিয়া ঘাটেও একই ধরনের ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
এখন ডুমুরিয়া ঘাটটিতে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দু’পাড়ের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হবে।
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ এর বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন, “প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রণি-পেশার মানুষ এই ঘাট ব্যবহার করেন। ভাঙনের কারণে যে-কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কার ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
নদীভাঙন রোধে বর্ষা মৌসুমে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আগে ঘাটটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এমনই প্রত্যাশা এলাকাবাসীর।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, “উপকূলীয় নদী ভাঙন এলাকায় এধরনের সমস্যা আমাদেরকে প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়। ডুমুরিয়া খেয়াঘাটটিতে দীর্ঘদিন ধরে ভাঙনের সৃষ্টি হয়েছে। এবারের বর্ষা মৌসুমের আগে বরাদ্দ পেলে খেয়াঘাটটি সংস্কার করা হবে।”
খুলনা গেজেট/এনএম

