মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাতক্ষীরায় স্কুল শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল, স্থানীয় জামায়াতের আমির মিজানুর রহমান ও বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর দাবি, গত রবিবার নবম শ্রেণির গণিত ক্লাস চলাকালে শিক্ষক গৌরাঙ্গ সরকার আজান ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি পশ্চিমবঙ্গে মসজিদের মাইকে আযান বন্ধের প্রসঙ্গ টেনে বাংলাদেশেও তা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ফজরের আযানসহ অন্যান্য আযান উচ্চস্বরে দেয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা হয় বলেও তিনি মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে কটূক্তি করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

ঘটনাটি প্রথমে গোপন থাকলেও মঙ্গলবার শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন