সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম ওজনের দুটি দেশি তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে ভারতে পাচারকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কামারবাইশা এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম মো. আরশাদ আলী সরদার (৫৪)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে— এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের চান্দুরিয়া বিওপির একটি অভিযানিক দল সীমান্তের কামারবাইশা এলাকায় গোপনে অবস্থান নেয়। বেলা সোয়া ৩টার দিকে মোটরসাইকেলে ঝাউডাঙ্গা থেকে কাকডাঙ্গা সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন মো. আরশাদ আলীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে দুটি স্বর্ণের বার পাওয়া গেলে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম, যার আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

