কালিগঞ্জে অবৈধ তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

জানা যায়, বিকালে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স লায়ন এন্টারপ্রাইজে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩০টি ব্যারেল জব্দ করা হয়, যার মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি পাওয়া যায়।

পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে মজুত করায় তাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে বেলা সোয়া ৩টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মো. আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ২০০ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জামসহ ১টি খালি ব্যারেল জব্দ করা হয়।

আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে তেল মজুত রাখার দায়ে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান তাকে ২০০০ টাকা জরিমানা করেন।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান জানান, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে তেলের দাম বাড়ার আশায় বা অতিরিক্ত মুনাফার লোভে এই মজুত গড়ে তুলেছিলেন। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন