মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

অবৈধভাবে বালু উত্তোলনে রাস্তায় ধস

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর এলাকায় ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ফলে নবনির্মিত একটি সড়ক ধসে খালের মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে এলাকাবাসীর চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে খাল ও পাশের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

স্থানীয়দের নিষেধ উপেক্ষা করে রাতের অন্ধকারে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সম্প্রতি যানবাহন চলাচলের সময় সড়কের একটি বড় অংশ ভেঙে খালের মধ্যে ধসে যায়। এলাকাবাসী জানান, “কয়েক মাস আগেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সড়কটি নির্মাণ করা হয়েছিল।”

সড়কটি মন্দিরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ পথ। সড়ক ধসে পড়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি সেবা, বিশেষ করে রোগী পরিবহণেও সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,“ অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।” দায়ীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণের দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বাস দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর প্রত্যাশা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হলে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন