সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে তাহির মোড়ল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত তাহির মোড়ল স্থানীয় বাসিন্দা তৌহিদ হোসেন মোড়লের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, খেলা করার সময় পরিবারের অজান্তে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম

