পৃথক হত্যা মামলায় ৫দিনের রিমান্ডের আবেদন

সাতক্ষীরার সাবেক পিপি লতিফ ও ছেলে রাসেলকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খুলনার বয়রা এলাকার একটি ভাড়া বাসা থেকে আটক সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে সদর থানায় দায়ের করা পৃথক দু’টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছেন মামলা তদন্তকারি কর্মকতার্ সদর থানার উপপরিদর্শক নিশাত ও উপপরিদর্শক আল আমিন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আল আমিন জানান, তার তদন্তাধীন সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

একইভাবে উপপরিদর্শক নিশাত জানান, তিনি তদন্ত করছেন এমন একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন পিপি অ্যাড. আব্দুল লতিফের ছেলে মো, রাসেল। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ স্বপরিবারে পালিয়ে খুলনায় চলে যান। তিনি খুলনার বয়রা এলাকায় মৎস্য ভবনের পাশের গুলিতে জনৈক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদের বাড়ির তিন তলার একটি ফ্লাটে ভাড়া থাকতেন। এসময় আব্দুল লতিফ হত্যা ও নাশকতাসহ ৮টি মামলা ও তার ছেলে রাসেল হত্যাসহ তিনটি মামলার আসামি হন।

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ৫তলা বাড়ি ফ্লাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে গত শুক্রবার সকাল ১০টার দিকে খুলনার বয়রা এলাকার ওই বাসা থেকে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে আটক করে। অ্যাড. আব্দুল লতিফ সাতক্ষীরা সদরের কামারবায়সা গ্রামের মৃত মনসুর সরদারের ছেলে। তার ছেলে মো. রাসেল।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন