নড়াইলের কালিয়ায় ট্রলি উল্টে ইরান মোল্যা (২১) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতি থানার চাপাইল-কালিয়া সড়কের কলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরান মোল্যা সালামাবাদ ইউনিয়নের বৈদ্যহাটি গ্রামের জুয়েল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইরান মোল্যা ট্রলি নিয়ে নড়াগাতি থানা এলাকা থেকে চাপাইল-কালিয়া সড়ক দিয়ে কলাবাড়িয়া গ্রামের দিকে যাচ্ছিলেন।
এ সময় কলাবাড়িয়া এলাকায় সড়কের ওপর অতিরিক্ত ফসল শুকাতে দেওয়া ছিল। ওই ফসলে ট্রলির চাকা আটকে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, নিহত ইরান মোল্যার বাড়ি বৈদ্যহাটি গ্রামে হলেও তিনি কালিয়ায় বসবাস করতেন। দুপুরে ট্রলি নিয়ে কলাবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
খুলনা গেজেট/এমএনএস

