সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন। সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী জানান, রবিবার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক লোহাগড়া থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলটির সঙ্গে একটি পরিবহন বাসের ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিকও আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। পথে বেলা ১২টার দিকে তিনি মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন