নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিসকান সরদার মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার সকালে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের আসলাম ও তার লোকজন। এ সময় মিসকান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় নারীসহ আরও সাতজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মিসকানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে প্রতিপক্ষের আসলামের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
খুলনা গেজেট/এনএম

