নড়াইলে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে পুকুরের পাড় থেকে ওসমান গনী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান গনী একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকার মামুনের স্ত্রী লাকী বেগম পুকুরপাড়ে গেলে সেখানে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন