নড়াইলের কালিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ইট ভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারসংলগ্ন তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুত্তাকাব্বির সর্দার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় মুত্তাকাব্বির তার এক সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষে ট্রলি চালিয়ে ফিরছিলেন। বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল করলে তিনি নিয়ন্ত্রণ হারান। পরে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের ডালায় সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক মুত্তাকাব্বির গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার সহকারী প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

