নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসলাম শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থানের পাশে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার রহমান এবং একই গ্রামের টিপু সুলতান সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে রঘুনাথপুর গ্রামের কবরস্থানের পাশে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, রঘুনাথপুর এলাকায় হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার কারণ ও হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন