মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্যা (২০) একই গ্রামের লিপটন মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ।

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানে যান। এ সময় কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম তার কাছে গিয়ে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। একপর্যায়ে হাসিব ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মানসুর মোল্যা গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটায়। নিহত মানসুরের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন