তথ্য প্রযুক্তির সহায়তায় দিঘলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পিরোজপুর সদর থানা এলাকা থেকে দিঘলিয়ার এক হত্যা মামলার আসামিকে আটক করছে। আটককৃত যুবকের নাম আব্দুর রহমান (২৬)।
স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার বাড়ি দিঘলিয়ার দেয়াড়া কলোনি এলাকা থেকে একনালা ১ টি বন্দুক, গুলির খোসা ও নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। আটককৃত যুবক দেয়াড়া কলোনি এলাকার বাসিন্দা। পিতার নাম মৃত আব্দুল জলিল।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম খুলনা গেজেটকে বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (১৩ এপ্রিল) দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস দল পিরোজপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে নিয়ে বাকি আসামিদের ধরতে বাগেরহাটে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও টাকা ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
গত ২৭ মার্চ রাতে উপজেলার দেয়াড়া স্টিমার খেয়াঘাট এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী তৌহিদুলের পথরোধ করে টাকা ছিনতাই করা হয়। এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিনতাইকারী দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
খুলনা গেজেট/এনএম

