বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবক মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, সাবেক জেলা বিএনপির সদস্য আবু মুসা শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেহেদীর বাম পায়ে গুলি লাগে বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কী কারণে গুলি করা হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে এলাকায় পুলিশ তদন্ত করছে। থানায় কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন