বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলার শেষ দিনে মঙ্গলবার (১৪ এপ্রিল) খুলনার সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাহারি পোশাক আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস যেন রূপ নিয়েছে এক টুকরো লাল-সাদা উৎসবে।
মেলার মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের পক্ষ থেকে দেওয়া নান্দনিক সব স্টল। গ্রাম-বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে প্রতিটি স্টল সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে।
স্টলগুলোতে পাওয়া যাচ্ছে: বাহারি সব নকশি পিঠা, পুলি পিঠা ও চিতই পিঠা। গরমে প্রশান্তি মেটাতে টাটকা আখের রস এবং তরুণ-তরুণীদের পছন্দের তালিকার শীর্ষে থাকা চটপটি ও ফুসকা।
মেয়েদের জন্য রেশমি চুড়ি, মাটির গয়না ও দেশীয় হস্তশিল্পের বিপুল সমাহার। এছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, বিভিন্ন রাইড, বল খেলা সহ নানা খেলার আয়োজন।
সকাল থেকেই খুলনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীদের সরব উপস্থিতি মেলায় বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করেছে। তরুণীদের পরনে লাল-সাদা শাড়ি আর তরুণদের পাঞ্জাবিতে ক্যাম্পাস হয়ে উঠেছে বর্ণিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও দেখা গেছে উৎসবের বাড়তি আমেজ ও উদ্দীপনা।

